নিজেদের মাঠ চট্টগ্রামে টাইগার বোলারদের হতাশাময় প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ২ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলে প্রথম দিন শেষ করেছে এইডেন মার্করামের দল। এদিন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই সফরকারি ব্যাটার। ১০৬ রানের ইনিংস খেলে শেষ বিকেলে স্টাবস ফিরলেও ডি জর্জি অপরাজিত থেকেছেন ১৪১ রানে। তাকে সঙ্গ দেয়া ডেভিড বেডিংহাম অপরাজিত ১৮ রানে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা সাউথ আফ্রিকার প্রথম উইকেটটা সপ্তম ওভারে তুলে নিতে পারতো টাইগাররা। হাসান মাহমুদের রাউন্ড দ্য উইকেট থেকে ভেতরে ঢোকা ডেলিভারিতে ডি জর্জির ব্যাটের ভেতরে কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করলেও ক্যাচ লুফে নিতে পারেননি অভিষিক্ত উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কন। উইকেটে বোলারদের জন্য খুব বেশি কিছু না থাকায় তাই তেমন চ্যালেঞ্জ জানাতে পারেননি হাসান-নাহিদ রানারা।
