লুইস এলিজাবেথ গ্ল্যাক (অনেকে ‘গ্লুক’ বা গ্লিক’ উচ্চারণ করেন) হাঙ্গেরিয়ান বংশোদ্ভুত আমেরিকান কবি ও প্রাবন্ধিক। এবার সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। পেশায় সাহিত্যের অধ্যাপক। লুইস গ্ল্যাকের ‘দ্য ফ্যান্টাসি’ কবিতার অনুবাদ করেছেন এম সানাউল হক নিলয়—
কল্পনা
শোনো, আমি তোমাকে বলছি: প্রতিদিন মানুষ মরছে। আর এটা মাত্র শুরু।
প্রতিদিন জানাজায় নতুন বিধবা জন্ম নিচ্ছে, নতুন এতিম।
তারা হাত গুটিয়ে বসে থাকে,
এ নতুন জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে।
তারপর ওরা যায় কবরস্থানে, ওদের কেউ কেউ প্রথমবার।
ওরা কাঁদতে আতঙ্কিত, কখনো বা না-কাঁদায়।
কেউ একজন ঝুঁকে এসে ওদেরকে বলে তারপর কী করতে হবে,
যা হয়তো কখনো বোঝায় কিছু বলা,
কখনো বা সদ্য খোঁড়া কবরে কিছু মাটি ছুঁড়ে দেওয়া।
তারপর সবাই বাড়ি ফিরে যায়, যা হঠাৎ দর্শনার্থীতে পূর্ণ।
বিধবা চেয়ারে বসে থাকে খুব সরলভাবে,
তাই লোকেরা লাইনে দাঁড়ায় তার কাছে আসার জন্য,
কখনো কখনো তার হাত ধরে
কখনো বা বুকে জড়িয়ে ধরে।
সে সবাইকে কিছু বলার মতো শব্দাবলী খুঁজে নেয়,
ধন্যবাদ জানায়, ধন্যবাদ জানায় আসার জন্য।
মনে মনে সে চায় তারা সবাই চলে যাক।
সে কবরস্থানে ফিরে আসতে চায়,
ফিরে আসতে চায় সেই রোগীর ঘরে, হাসপাতালে। সে জানে এটা সম্ভব নয়।
কিন্তু তার একমাত্র আশা—
পেছনে ফিরে যাবার ইচ্ছা, অল্প পেছনে—
অত দূর না যে বিয়ে পর্যন্ত বা প্রথম চুম্বন।
