বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

নৌ-বাহিনীর ত্রাণ সহায়তা যাচ্ছে উপকূলীয় দরিদ্রদের ঘরে

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১ | ১:১০ অপরাহ্ণ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ | ৫:৩৭ অপরাহ্ণ
নৌ-বাহিনীর ত্রাণ সহায়তা যাচ্ছে উপকূলীয় দরিদ্রদের ঘরে
Shares

দেশের দূর্গম সমুদ্র উপকূলীয় এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌ-বাহিনী। তাদের খাদ্য, অর্থসহায়তার পাশাপাশি ইফতার সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ নৌ-বাহিনীর সদস্যরা।

শনিবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম, খুলনা, বরিশাল, বাগেরহাট ও পটুয়াখালী অঞ্চলে এসব বিতরণ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর’র পরিচালকের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মোকাবেলায় চট্টগ্রাম, সেন্টমার্টিন, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, খুলনা ও
মংলার প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতার সামগ্রী বিতরণ করছে নৌবাহিনী।

শনিবার চট্টগ্রাম বন্দর, বন্দর এলাকা ও সেন্টমার্টিনে
৭০০ অসহায় জেলে ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে নৌ-বাহিনীর সদস্যরা।

এছাড়া বাগেরহাটের মংলার দিগরাজ বাজার, বানিয়াসান্তা ও মোংলা পৌর এলাকার অসহায় ও দরিদ্র ৪০০ পরিবার এবং পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির পাশ্ববর্তী এলাকার লালুয়া ইউনিয়নের অসহায় ও দরিদ্র ৩০০ পরিবারের মাঝে খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতার সামগ্রী প্রদান করা হয় নৌ-বাহিনীর পক্ষ থেকে।

পাশাপাশি বরিশাল ও পটুয়াখালীর দরিদ্র জেলেদের মাঝে সহায়তা বিতরণ করছে নৌ-বাহিনীর জাহাজ সালাম ও কর্ণফুলী।

একইসাথে খুলনার লবণচরা, শিপইয়ার্ড ও হরিণটানা এলাকায় খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতার সামগ্রী দেওয়া হয় এই বাহিনীর পক্ষ থেকে।

এতে আরও উল্লেখ করা হয়, খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।

করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে মোকাবেলায় নৌ-বাহিনীর সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন
কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতার সামগ্রী বিতরণ করছে। দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই কার্যক্রম চলমান থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Shares